ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৫
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়, হালান্ডের জোড়া গোলে স্বপ্নভঙ্গ 'মিশন হেক্সা'

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। ভাইকিংসদের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। এতে ৩৬ বছর পর বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় ঘটলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। পাশাপাশি সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন হিসেবে পরিচিত 'মিশন হেক্সা'র আরেকটি ব্যর্থ অভিযান শেষ হলো।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের শুরু থেকেই বল দখলে কিছুটা এগিয়ে থাকে ব্রাজিল। সুযোগও সৃষ্টি হয় তাদের সামনে। সেলেসাওদের এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস। কিন্তু ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার।

৪০তম মিনিটে নরওয়েকে আরেকবার বাঁচিয়ে দেন গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। বক্সের মধ্যে ওডেগার্ড বল হারান ভিনির কাছে। তবে ভিনির দুর্দান্ত শট ঠেকিয়ে দেন নিল্যান্ড। প্রথমার্ধের নির্ধারিত সময়ের কিছু আগে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকেও রক্ষা করেন সেলেসাও গোলরক্ষক অ্যালিসন বেকার। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু'দল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় উভয় দল। তবে ঠিকঠাক লক্ষ্যভেদ হচ্ছিল না। ম্যাচের ৭০তম মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের ঠিক আগ মুহূর্তে দুটি পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলে মাঠে নামেন নেইমার ও দানিলো।

নরওয়ে দলেও আনা হয় দুটি পরিবর্তন। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।

দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের পর যেন নিজের কাঙ্ক্ষিত রূপে ফেরেন আর্লিং হালান্ড। ম্যাচের ৭৯তম মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন এই ম্যাসিটি তারকা।

নির্ধারিত সময়ের ১ মিনিট আগে ফের সেলেসাও রক্ষণভাগকে ফাঁকি দিয়ে স্কোর করেন হালান্ড। ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা প্রতিপক্ষ রক্ষণভাগ ভেস্তে দেয়।

অতিরিক্ত সময়ে ব্রাজিলের পাওয়া পেনাল্টিতে স্কোর করেন নেইমার, যা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। শেষ আটে তারা মুখোমুখি হবে মেক্সিকো-ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। আগামী শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram