

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণির বসুরহাট পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পৌর প্রশাসক মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়। পৌরবাসীর নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক সংস্কার, যাত্রী ছাউনি নির্মাণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের প্রহরী নিয়োগকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান আগামী ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণে এ বাজেট বাস্তবায়ন করা হবে।
বাজেট ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে পৌর এলাকার মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা, যাত্রী ছাউনি নির্মাণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পৌর প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান এ সময় বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিএনপি নেতা আব্দুল হাই সেলিম, প্রফেসর আবুল বাশার ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতের আমির মোশাররফ হোসেন এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উপস্থিত বক্তারা পৌরসভার সার্বিক উন্নয়নে প্রশাসনের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
