ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

ইনাম মাহমুদ রিমন পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, এলাকায় আনন্দের জোয়ার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইনাম মাহমুদ রিমন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

ইনাম মাহমুদ রিমন আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. ইসরাফিল ভূঁইয়া এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই রিমন ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তিনি আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। পরে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতেও জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। একই বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ঢাকার কিংস কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। উচ্চশিক্ষায়ও তিনি কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

নিজের অনুভূতি প্রকাশ করে ইনাম মাহমুদ রিমন বলেন, ছোটবেলা থেকেই দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখেছি। ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি যেন সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারি—সবার কাছে সেই দোয়া কামনা করছি।

এর আগেও তিনি ৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। সীমান্তবর্তী একটি জনপদ থেকে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে রিমনের এই অর্জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram