

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় বুধবার দুপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী আহতের ঘটনায় নিরাপদ সড়ক ও গতিরোধক স্থাপনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উত্তরণ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা। এসময় মৌচাক টু রতনপুর স্টেশন আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রতিনিধিরা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
মানববন্ধন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই স্কুলের রহিদ হাওলাদার (৭) নামে প্লে শ্রেণির একজন শিশু শিক্ষার্থী ও আর এক শিক্ষার্থী সড়ক পারাপারের সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ওই শিশু শিক্ষার্থী সাইমা ও রহিদ হাওলাদর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে সহপাঠীর আহতের সংবাদ স্কুলে ছড়িয়ে পড়লে ওই আঞ্চলিক সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, উত্তরণ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কবির সরকার, শিক্ষক আবু রায়হান, শাবানা আক্তার, সিয়াম আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এই সড়কটির পাশেই একটি স্কুল কিন্তু এখানে কোন গতিরোধক নেই। তাছাড়া সব সময় বেপরোয়া গতিতে ছোট-বড় যানবাহন চলাচল করায় যে কোন সময় বড় সড়ক দুর্ঘটনা ঘটার সম্বাবনা রয়েছে। তাই জরুরী ভিত্তিতে এখানে একটি গতিরোধক স্থাপনসহ নিরাপদ সড়কের দাবি জানায় বক্তারা।
