

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাগরিক সমাজের আয়োজনে উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচি চলে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুয়াকাটা-ভাঙ্গা ছয় লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবি জানান। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধলক্ষাধিক মানুষ এতে অংশ নেন। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পে কোনো বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে এসব প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
দক্ষিণাঞ্চলের উন্নয়নকে জাতীয় অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত করে নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়। তাই জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ এখন সময়ের দাবি।
