

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হচ্ছে অনুমোদনবিহীন ৬ তলা ভবন। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার হাজীনগরের লাল বিল্ডিং সংলগ্ন এলাকায় এক উচ্ছেদ অভিযানে এ ভবন গুড়িয়ে দেয়া হয়। রাজউকের নির্বাহী মেজিস্ট্রেট শান্তা রহমানের ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, রাজউকের অনুমতি না নিয়ে ডেমরার গোপ দক্ষিণ মৌজায় স্টাফকোয়ার্টার সংলগ্ন এলাকায় গত ২ বছর পূর্বে মো. রফিকুল ইসলাম ১ কাঠা জমির উপর একটি ৬ তলা ভবন নির্মাণ কাজ শুরু করেন। ওই সময়ে ভবন নির্মাণে রাজউক নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ প্রদান করেন, তারপরেও ভবনটি গড়ে তোলেন ভবন মালিক। রাজউকের বিধি না মেনে ভবন নির্মাণ করার ফলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউক। এ সময় পাশের হলিএইড নামের একটি হাসাপাতালের উপরের অংশ আংশিক ভেঙে ফেলা হয়। এছাড়া আরো ২ ভবনে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, রাজউকের নিয়ম অনুসরণ না করে ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া এ ভবনের কোনো অনুমোদনই নেই, কিভাবে জমির মালিক এ ভবন নির্মাণ করলো। নিয়মবর্হিভূত নির্মাণ করা ভবন গুলো রাজউক সনাক্ত করে করে ধারাবাহিকভাবে এভাবেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় ডেমরা থানা পুলিশ, ডেমরা ফায়ার স্টেশনের একটি টিম এবং ডেমরা জোনের বিদ্যুৎ বিভাগসহ রাজউকের ইমারত নির্মাণ প্রধান পরিদর্শকসহ রাজউকের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো.তাইফুর রহমান মির্জা বলেন, রাজউক অভিযান পরিচালনা করার সময় যেন আইনশৃঙ্খলাজনিত কোনো প্রকার সমস্যা না হয় এজন্য রাজউককে সর্বদা সহযোগিতা করছে ডেমরা থানা পুলিশ।
