

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবন চর থেকে নিখোঁজ জেলে শাহবুদ্দিন মাঝির (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান।
গত ২৩ জুন সকালে শাহবুদ্দিন মাঝি ছয়জন জেলেকে নিয়ে ট্রলারসহ সাগরে যান। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে। এ সময় শাহবুদ্দিন মাঝি পানিতে পড়ে নিখোঁজ হন। সঙ্গী জেলেরা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
নিহত শাহবুদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়ায়। তার বাবার নাম আমির হোসেন।
মহিপুর থানার (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শাহবুদ্দিন মাঝি ধুলাসারের জালাল বিশ্বাসের একটি ফাইবার বোটে মাঝি হিসেবে কাজ করতেন।
