ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৬
logo
প্রকাশিত : জুন ২০, ২০২৬

ইরানের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্পের বিশেষ দূত যাচ্ছেন সুইজারল্যান্ডে

ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শিগগিরই তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবেন বলে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। শনিবার (২০ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। কিন্তু শেষ মুহূর্তে তার সফর স্থগিত হয়।

সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সম্ভাব্য এই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। তবে এই আলোচনা ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে লেবাননে শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত থাকার কথা জানিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলের জোরালো অভিযানের কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওই সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল। কেননা তেহরানের পক্ষ থেকে এ চুক্তির অন্যতম শর্ত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির খবর প্রকাশের পর শান্তি আলোচনায় বসতে মার্কিন দূত উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্যও সামনে এসেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে আলোচনার পথে প্রাথমিক বাধা দূর হয়েছে।

এ বিষয়ে মার্কিন কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, উইটকফ একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে প্রথম দফা আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস জানায়, জেডি ভ্যান্স আপাতত আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন না। এ আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। যুদ্ধ বন্ধের বিষয়ে স্বাক্ষরিত চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য দুই পক্ষের প্রতিনিধিদের সুইজারল্যান্ডে ‘কারিগরি আলোচনা’ করার কথা ছিল।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আলোচনার পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে যত দ্রুত সম্ভব কারিগরি পর্যায়ে আলোচনা শুরু করার ব্যাপারে তারা আশাবাদী।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। তবে আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার জেরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইরানের সঙ্গে ওই আলোচনায় বসতে চাননি। এ জন্য সুইজারল্যান্ডেও যাননি।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে জানান, তিনি ইসরায়েলের সঙ্গে কথা বলেছেন এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে বলেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram