

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম’ এর গাড়ীর চাপায় অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৩ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ওসি সাইফুল ইসলাম।
নিহত শিশুর বয়স আনুমানিক ১২ বছর বলে তথ্য দিলেও নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
আটক চালক মো. ইসহাক মিন্টু (৪০) কক্সবাজার শহরের বাসিন্দা এবং জব্দ করা গাড়ীটির চালক।
স্থানীয়দের বরাতে ওসি সাইফুল ইসলাম বলেন, বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইওএম সংস্থার কর্মীদের বহনকারী একটি কক্সবাজার ফিরছিল। গাড়ীটি উখিয়ারঘাট এলাকায় পৌঁছলে এক শিশু রাস্তা পারাপারের সময় ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে আইওএম সংস্থার দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত শিশুর পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলেও তিনি জানান।
