

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও ফল মেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন) সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক।
বক্তারা বলেন, টেকসই উন্নয়নে পুষ্টি নিরাপত্তার প্রয়োজন। খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস হলো ফল। বাংলাদেশের ফল স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিমানে আকর্ষণীয় এবং বৈচিত্রময়। ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে।
তারা আরও বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা বিধান, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির ওপর জোর দেয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে তথা দেশের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বছরব্যাপী ফল চাষ এবং তার সঠিক সংরক্ষণ অতিব জরুরী। মেলার উদ্বোধন শেষে বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও দপ্তর প্রধানগণ।
