

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় বন্ধুর বিধবা স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গোপনে নগ্ন ভিডিও ধারণ করে ঐ ভিডিওর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে রবিবার রাতে ভুক্তভোগী ঐ মহিলা গোলাম দস্তগীর (৪৮) নামে এক লম্পটের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে ডেমরার হাজিনগর এলাকায়। গোলাম দস্তগীর ফরিদপুর জেলার কোতায়ালী থানাধীন খালিশপুর এলাকার আব্দুল সালামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলাম দস্তগীর ঐ বিধবা মহিলার স্বামীর বন্ধু ছিলেন। সেই সুবাদে আগে থেকেই এ ভুক্তভোগীর বাসায় তার যাতায়াত ছিল। ভুক্তভোগীর স্বামী গত সাত-আট মাস পূর্বে মারা যাওয়ায় ঐ আসামি বিধবা মহিলা ও তার মেয়েকে তার বাসায় আশ্রয় দেয়। একপর্যায়ে মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক হয়, সেই সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ভিডিও দেখিয়ে একাধিকবার ঐ মহিলাকে ধর্ষণ করে। বিয়ের কথা বলতে চাইলে আসামি সুকৌশলে গত ৬ জুন রাতে তার বাসায় ডেকে নিয়ে আবারও ধর্ষণ করে। এবং কাউকে না বলার হুমকি ও তার মোবাইলে ধারণকৃত নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখায়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
