

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু শ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১১টায় শহরের মৌলভীবাজার সড়কে প্রাইম ব্যাংকের সামনে এ কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু শ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও নীতিমালা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সরিয়ে আনতে হবে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশু শ্রম বন্ধে কার্যকর তদারকি, নির্ভরযোগ্য তথ্যভিত্তিক পরিকল্পনা এবং সংশ্লিষ্ট খাতের কাঠামোগত সংস্কার জরুরি। তারা দারিদ্র্য, অপ্রাতিষ্ঠানিক শ্রমব্যবস্থার আধিপত্য ও সুশাসনের ঘাটতিকে শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধন শেষে সনাক কার্যালয়ে সনাক শ্রীমঙ্গল সনাকের সহ সভাপতি কাজী আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিআইবি শ্রীমঙ্গলের কোঅর্ডিনেটর মো: আবু বকর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি শিক্ষক দ্বিপেন্দ্র ভট্টাচার্য, সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সদস্য জিডিসন প্রধান সুছিয়াং, রহিমা বেগম, রীনা মজুমদার ও ইয়েস আহবায়ক সৈয়দ আরমান জামি।
আলোচনা সভায় বক্তারা শ্রীমঙ্গল উপজেলার শিশুশ্রম পরিস্থিতি তুলে ধরে শিশু শ্রম বন্ধে সরকারি ও বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
এ সময় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য মোস্তাফিজুর রহমান ফাহিম ও তৃষা ভৌমিক।
