

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে উপজেলার চতুরাগ্রামস্থ ব্র্যাক কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত প্রান্তিক ১৩টি খামারিদের মাঝে ৮০টি হাঁস ও ৪০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) মো. বেলায়েত হোসেন, এরিয়া ম্যানেজার (প্রগতি) মো. তরিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার (হিসেব) আব্বাস উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মোসা. ফরিদা আক্তারসহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় ব্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) মো. বেলায়েত হোসেন বলেন, প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ পর্যায়ে হাঁস-মুরগি পালন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাঁস-মুরগি পালন স্বল্প পুঁজিতে লাভজনক হওয়ায় এটি গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানান তিনি।
