ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩২
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

শিক্ষা ও দক্ষ মানবসম্পদই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি: মির্জা ফখরুল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কোনো জাতি এমনিতেই উন্নত হয়ে ওঠে না; পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, কর্মদক্ষতা এবং মানবসম্পদের উন্নয়নই একটি দেশের অগ্রগতির প্রধান ভিত্তি।

শুক্রবার ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকেও উন্নয়নের পথে আরও এগিয়ে নিতে হলে শিক্ষা খাতকে শক্তিশালী করতে হবে।

শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের শিশু-কিশোরদের ভবিষ্যৎ সম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমান ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। চীন বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা করে আসছে। ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে চলতি বছরেই চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো পরিদর্শন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পেরে চীন সরকার আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত জানান, আগামী জুলাই-আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফরে এসে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা মূল্যায়ন করবে। পাশাপাশি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীন সফরের সুযোগ সৃষ্টি করা হবে, যা দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram