ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

মেঘনায় ডুবে নিখোঁজ শিশু তামিমের লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া শিশু তামিমের (৬) লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর আতাউর এলাকার নিকটবর্তী মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তামিম উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার মেঘনা নদীতে মাছ ধরতে যান শাহাদাত হোসেন। দুপুরের দিকে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় ছোট্ট তামিম। বাবাকে খাবার দেওয়ার পর সে তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।

সঙ্গে থাকা চাচাতো ভাই বিষয়টি দেখে দ্রুত পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তামিমের সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে হাতিয়ায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে অনুসন্ধান অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

পরে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে কোস্ট গার্ড হাতিয়া স্টেশন পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৫টার দিকে চর আতাউর এলাকার কাছে মেঘনা নদী থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা রায়হান জানান, সকাল থেকে টানা উদ্ধার অভিযান পরিচালনার পর বিকেলে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।

শিশু তামিমের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram