

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৈধ লাইসেন্স ও বিএসটিআই (BSTI) অনুমোদন ছাড়া সম্পূর্ণ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে 'নিউ মাতৃভান্ডার' নামে একটি মিষ্টি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) মাটিরাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা বাজারের নিউ মাতৃভান্ডার মিষ্টি কারখানার মালিক মো. ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ লাইসেন্স এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়াই মিষ্টি ও বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী তৈরি করে আসছেন। এ ছাড়া কারখানার ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং মিষ্টিতে পোকার উপস্থিতি লক্ষ্য করা যায়, যা মানবদেহের জন্য চরম ক্ষতিকর।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা লঙ্ঘনের অপরাধে নিউ মাতৃভান্ডার মিষ্টি কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া জানান, জনস্বার্থে এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
