ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

চিলমারীতে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর রাইসার মরদেহ উদ্ধার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইসা মনি (৯) নামে এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের টি-বাঁধের নিকট ভেসে উঠা মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত রাইসা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, গত রোববার বিকেল ৫টার দিকে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে রাইসা মনি (৯)। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সে। বিষয়টি দেখে তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের খবর দেওয়া হলে রাতভর স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চালানো হয়। খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালায়। তবে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় নিখোঁজের পরদিন সোমবার (৮ জুন) দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ডুবুরি দল।

অবশেষে নিখোঁজের প্রায় ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ১২টায় কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের টি-বাঁধের কাছে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা রাইসার মরদেহ শনাক্ত করে স্বজনদের খবর দেয় এবং স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। রাইসার মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদের ঝুঁকিপূর্ণ ঘাটগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার প্রায় ৪৪ ঘন্টা পর নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩/৪শ মিটার ভাটিতে থাকে টি-বাঁধের কাছে রাইসার মরদেহ ভেসে উঠেছে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram