

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আ.লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দাউদকান্দি মডেল থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেলে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করা হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আব্বাস নামের এক ব্যক্তি বাদী হয়ে ১৯ জনকে উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলা রুজুর পর অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় এসআই(নি.)মো. ইমাম উদ্দীন, এসআই(নি.)ইহসানুল হাসান, এসআই(নি.)আবুল কাওসার, এএসআই(নি.)দেলোয়ার হোসেন, এএসআই(নি.)রিপন মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুর রহমান (৫০), বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নবীর হোসেন (৩৮) এবং জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. আসিফ ভূঁইয়া (১৯)।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক কিংবা নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে দাউদকান্দি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ মঙ্গলবার (১০ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
