

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো খুব সকালে কয়েকজন জেলের সঙ্গে তিনি মাছ ধরতে যান মম্বিপাড়া এলাকার ৩৩ কানিতে। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড় বাতাস সঙ্গে শুরু হয় ঘন ঘন বজ্রপাত। এ সময় তার শরীরে বজ্রাঘাতে আহত হন তিনি। তারই সঙ্গী জেলেরা দ্রুত উদ্ধার করে কুয়াকাটা তুলাতুলি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
