

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দিন-রাতে প্রকাশ্যে মাদকসেবীদের যাতায়াত ও নতুন প্রজন্মকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। মাদক কারবারিদের বাধা দিলে মারধর ও হত্যার হুমকির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে মানববন্ধন করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
সোমবার (৮ জুন, ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম।
বক্তারা বলেন, এক সময়ের শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা বালিথুবা পশ্চিম ইউনিয়নটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এই জনপদটি মাদকের আগ্রাসনে আক্রান্ত। বিশেষ করে ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের অবস্থা ভয়াবহ। ওই গ্রামের বরকন্দাজ বাড়ির একটি পরিবারের প্রায় সবাই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি ওই পরিবারের দুই সদস্য মাদকসহ আটক হলেও কয়েক দিনের মধ্যে তারা জামিনে বেরিয়ে এসে আবারো ব্যবসা শুরু করেছে। তাদের এই ব্যবসার বিরুদ্ধে কিছু বললে তারা নিজেরা মারধর করে হত্যা এবং গুমের হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে ওই বাড়ির নারী-পুরুষসহ এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে। বক্তারা অবিলম্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাহবুব, আলমগীর, আব্দুল্যাহ, রুবি, হাসিনাসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কিছু কিছু সময় দেখা যায়, মাদক কারবারিদের আটক করে আদালতে পাঠালে দু’দিন পর তারা জামিনে এসে পুনরায় মাদক কারবার করে।
