

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: জিমেইল (Gmail) অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। চক্রটি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে তা অনলাইন জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ করত।
গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূলহোতা মোঃ ইকবাল এবং তার অন্যতম সহযোগী রুবেল। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ১৮টি বিকাশ রেজিস্ট্রেশনকৃত সিম, ৮টি ব্যাংক চেক বই এবং ৩টি ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকালে সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিনের মোবাইল ফোনটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মোবাইল চালু হলে তিনি দেখেন তার ফোনের বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকিং অ্যাপস গায়েব হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই তার ইউসিবি (UCB) ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ/নগদ নম্বরে স্থানান্তর করে নেয় চক্রটি।
এই ঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়ের হলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে এবং প্রতারক চক্রের মূলহোতা ইকবালসহ অন্য সদস্যদের সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধের চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে।
পুলিশ জানায়, চক্রের প্রধান ইকবালের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালী জেলায় একই ধরনের অপরাধের একাধিক মামলা রয়েছে। সহযোগী রুবেলের বিরুদ্ধেও প্রতারণার মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।
