

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: 'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা' প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা কারিতাস, আভাস, একশনএইড, গুডনেইবারস, ফ্রেন্ডশীপ, ওয়ার্ল্ড কনসার্ন ও জাগোনারীর সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী। বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী কেএম সাইদুর রহমান, মনিরুল ইসলাম ও জেমস রাজিব বিশ্বাস প্রমুখ।
বক্তারা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানো, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শোভাযাত্রা ও আলোচনায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন ও পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করেন।
