ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৬
logo
প্রকাশিত : জুন ৪, ২০২৬

বিজিবির অভিযানে অস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, ৫১৫ রাউন্ড গুলি এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে জড়িত অস্ত্রধারী ব্যক্তিরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৩টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গত বুধবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া সীমান্ত এলাকায় নাফ নদীর শূন্যরেখার কাছে জেলের বেশে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তির উপস্থিতি দেখা যায়। এ সময় টহলরত বিজিবির একটি বিশেষ দল দ্রুত নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নেয়।

বিজিবির দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি ছুড়তে শুরু করে। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি খালি জি-থ্রি ম্যাগাজিন, তিনটি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি বাটন মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার ইয়াবা, একটি জি-থ্রি পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা এবং ১২ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৩০ মে হ্নীলা বিওপির কাব্যিক চর এলাকায় দুই জেলের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়া যে সশস্ত্র দলটি ছিল, সীমান্তে দেখা পাওয়া দলটি একই হতে পারে।

উখিয়া ব্যাটালিয়ন জানায়, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় সন্ত্রাস দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram