

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট (পূর্ব কালাইয়া) এলাকায় বাড়ির পানি নিষ্কাসনের জন্য ড্রেনে পাইপ বসানোর টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট মারামারির ঘটনায় রডের আঘাতে রবিন হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে ওই ঘটনা ঘটেছে। মৃত রবিন হাওলাদার লঞ্চঘাট গ্রামের প্রয়াত রাজেন্দ্র হাওলাদারের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন। ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবেশী প্রত্যক্ষদর্শী চঞ্চলা বেপারী, শুভ হালদার, জয় হালদার, বলরাম দাস, ঐশী হাওলাদা জানায়, আনন্দ বেপারীর বাড়িসহ আশপাশের ৪-৫ টি বাড়ির পানি নিষ্কাসনের জন্য রবিন হাওলাদারের বাড়ির পূর্ব পাশ দিয়ে ৫০ ফুট মাটি কেটে একটি কাঁচা ড্রেন তৈরী করা হয়েছিল। ওই ড্রেনে ৬ ইঞ্চি সাইজের প্লাস্টিকের পাইপ বসাতে আনন্দ বেপারীর ছেলে রতন কিছু টাকা রবিন হাওলাদারের কাছে চায়। ওই টাকা চাওয়া নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে লাঠি-সোটা, লোহার রড ও দা-বটি নিয়ে মারামারি হয়। এসময় রতনের রডের আঘাতে রবিন হাওলাদার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারামারিতে উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় বিভিন্ন স্থান থেকে প্রদীপ (২৫), রতন (৩০), আনন্দ বেপারী (৫০) ও কুসুম বোরী (৪৫) নামের চারজনকে গ্রেপ্তার করেছেন। রিপন নামের একজনের গ্রেপ্তারের কথা এলাকা থেকে জানা গেলেও পুলিশ অস্বীকার করেছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত রতন বেপারীসহ তার পরিবারের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
