

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) বছরের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সাইয়েদুল আবেদিন বরগুনার তালতলী উপজেলার বন্দর এলাকার বাসিন্দা।তিনি প্রায় ২০ দিন ধরে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ায় শাহেদ শিকদারের মালিকানাধীন একটি সেমিপাকা বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় তিনি স্ত্রীকে মারধর ও গালাগাল করেন। রাতের খাবারের পর আবারও পারিবারিক কলহ শুরু হয়।রাত ১০টার দিকে স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।দীর্ঘ সময় দরজা না খোলায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বুধবার (০৩ জুন)সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
