

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শ্রীমঙ্গলভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। চলতি বছরের মে মাসের ৩ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪টি বন্যপ্রাণী উদ্ধার করে সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব যৌথভাবে উপজেলার বিভিন্ন বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা থেকে অজগর, গোখরা, লজ্জাবতী বানর, ফনিমনসা সাপসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করেন। এছাড়াও আহত ও অসুস্থ অবস্থায় পাওয়া বেশ কয়েকটি প্রাণীকেও উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ‘তারা সেচ্ছায় উদ্ধারকৃত প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর যথাযথ নিয়মে বন বিভাগের কাছে হস্তান্তর করেন, যাতে সেগুলো নিরাপদ পরিবেশে পুনরায় অবমুক্ত করা যায়।
তিনি আরো জানান, ‘বর্তমানে মানুষের বসতি ও বন্যপ্রাণীর আবাসস্থলের দূরত্ব ক্রমেই কমে আসায় প্রায়ই বিভিন্ন প্রাণী লোকালয়ে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে প্রাণীগুলোকে হত্যা বা ক্ষতি না করে সংশ্লিষ্টদের খবর দিয়ে নিরাপদে উদ্ধার ও প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।’
পরিবেশ সচেতন মহল মনে করেন, বন্যপ্রাণী সংরক্ষণ শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বন্যপ্রাণী রক্ষা মানেই প্রকৃতি রক্ষা, আর প্রকৃতি রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সজল দেব ও রাজদীপ দেবের নেতৃত্বে পরিচালিত এই মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম শ্রীমঙ্গলবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে আরও ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে।
