

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে উপজেলার নূরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের একটি কচুখেতে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধারসহ জমির মালিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম নিতাই কুমার মন্ডল (৪৫)। তিনি রামনগর গ্রামের নন্দ চন্দ্র মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের একটি কচুখেতে গোপনে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় ওই খেত থেকে গাঁজার গাছটি উদ্ধারসহ জমির মালিক নিতাই মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার গাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গ্রেপ্তার নিতাই মন্ডলকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
