

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও টেলিভিশন জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন, এসএ টিভির সাংবাদিক সাদ্দমসহ হামলার শিকার সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, একজন প্রথম শ্রেণীর সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও মূলহোতা মাদক ব্যবসায়ী শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক মেসবাহ উদ্দিন মান্নু বলেন, সমাজের অসঙ্গতি ও দুর্নীতি তুলে ধরার কারণেই সাংবাদিকরা বারবার হামলা ও হুমকির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেসবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারণ সম্পাদক এস এম মিন্টু, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সদস্য মিলন কর্মকার রাজু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফ সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
