

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল থেকে বিভিন্ন সময় আত্মসমর্পণ করা ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৭। একই সঙ্গে তাদের বর্তমান জীবনযাপন ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রোববার (২৪ মে) সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার এলিট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
র্যাব জানায়, ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণ করা ১২৭ জন জলদস্যুকে ‘আলোর পথের অভিযাত্রী’ হিসেবে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন সময় সহযোগিতা ও প্রণোদনা দিয়ে আসছে বাহিনীটি।
অনুষ্ঠানে র্যাব কর্মকর্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আত্মসমর্পণ কর্মসূচি কার্যকর ভূমিকা রেখেছে। আত্মসমর্পণের পর সাবেক জলদস্যুরা যেন পুনরায় অপরাধে জড়িয়ে না পড়েন, সে জন্য তাদের নিয়মিত তদারকি ও সহায়তা দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় আত্মসমর্পণ করা ব্যক্তিরা র্যাবের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এসব সহায়তা তাদের অনুপ্রাণিত করছে।

