

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সরকারি খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) নবাবের বিরুদ্ধে আমন ধান ছাঁটাইয়ের নামে নিম্নমানের চাল নেয়াসহ বিভিন্ন ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক না নড়ায় তড়িঘড়ি করে নিম্নমানের চাল গুদাম থেকে শেষ করতে টিসিবির ডিলারদের দিয়ে এবার সেই চাল বিক্রির অভিযোগ উঠেছে। এতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রহস্যজনকভাবেই রয়েছেন নীরব।
জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) উপজেলা সদরের মেডিকেল মোড় সংলগ্ন মেসার্স জিয়া ট্রেডার্স টিসিবির পণ্য বিক্রি শুরু করেন। তিনি ৩ হাজার ৫৪২ কার্ডধারীর বিপরীতে খাদ্য গুদাম থেকে চাল পান ১৭ হাজার ৭১০ কেজি। প্রত্যেক কার্ডধারী অন্যান্য পণ্যের সাথে ৫ কেজি করে চাল পাবেন। কিন্তু পণ্য বিক্রির প্রথম দিনেই কার্ডধারীদের মাঝে খাবার অযোগ্য ধুলো লাগা লালছে, পোকা ধরা, পঁচা ও দুর্গন্ধযুক্ত বোরো চাল বিতরণ করা হয়। এ সময় কার্ডধারী ইব্রাহীম, রমজান, সামছুল ইসলামসহ অনেকেই জানান, যে চাল পেয়েছি তা খাওয়ার মত না।এগুলো গরুকে খাওয়াতে হবে।এর আগেও কখনো ভালো, কখনো এমন চাল পেয়েছিলাম। এইসব পোকা ধরা, পঁচা ও দুর্গন্ধযুক্ত মোটা চাল আপনারা কি খেতে পারবেন? আমরা বিচার দিব আসলে কাকে? সবাই এক।
গোপন সূত্রে জানা যায়, খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ ও ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) নবাবের বিরুদ্ধে ধান ছাঁটাইয়ের নামে ঘুষের বিনিময়ে নিম্নমানের চাল খাদ্য গুদামে নেয়াসহ বিভিন্ন ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের পর তারা তড়িঘড়ি করে খাদ্য গুদামে থাকা নিম্নমানের চাল গুলো বিভিন্ন ডিলারদের সরবারাহ করে দ্রুত শেষ করছেন। যেন ভবিষ্যতে কোনো তদন্ত কমিটি হলে তারা এসে নিম্মমানের চাল খাদ্য গুদামে দেখতে না পান।
নিম্নমানের চালের বিষয়ে জানতে চাইলে মেসার্স জিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ডিলার জিয়ারুল বলেন, খাদ্য গুদাম থেকে যেই চাল পেয়েছি সেই চাল আমরা বিক্রি করছি। এখানে আমাদের কি করার আছে।
ডিমলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) নবাব বিষয়টি অস্বীকার করে বলেন,
ইউএনও, ইউসিএফ (খাদ্য নিয়ন্ত্রক), সাংবাদিক ও আমি সেখানে গিয়েছিলাম। এমন অভিযোগ তো কেউ করলো না। এগুলোর ভিত্তিই নেই।
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, টিসিবির চাল আজকে বিতরণ করা হয়েছে তা আমার জানা নেই। আপনি নিম্নমানের চাল পেয়েছে এমন কয়েকজনকে নিয়ে আসেন, আমি ডিলারকে ডাকছি। এছাড়াও আমি আগামী শনিবার টিসিবির ডিলারদের নিয়ে বসব।

