

প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক নারীর (আনুমানিক বয়স ৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ মধ্যপাড়া শাহ আলমের ইট ভাটার দক্ষিণে পুরাতন ব্রক্ষ পুত্র নদে ভাসমান অবস্থায় বিকৃত অর্ধগলিত লাশটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই নদীর পাড়ে জমে উৎসুক জনতার ভীড়। পরে বিষয়টি স্থানীয় বেলাবো থানা পুলিশকে অবহিত করা হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, অন্য কোনো স্থান থেকে লাশটি স্রোতের টানে ভেসে এসেছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহ বলেন, সররাবাদ মধ্যপাড়া শাহ আলমের ইট ভাটার দক্ষিণে পুরাতন ব্রক্ষপুত্র নদে ভাসমান অবস্থায় বিকৃত অর্ধগলিত আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী নারীর লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ৮/১০ পূর্বে লাশটি নদীতে ফেলা হয়েছে, এটি সম্ভবত হত্যাকান্ড বলে প্রাথমিক ধারনায় মনে হচ্ছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

