

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম, নার্স ও আনসার সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার তিতাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খানের নেতৃত্বে মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করলেও কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। নার্স ও আনসার সদস্যদের ওপর হামলার ঘটনাকে তারা ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, কর্মস্থলে নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকরা নির্ভয়ে রোগীদের সেবা দিতে পারবেন না। তাই স্বাস্থ্যসেবার স্বার্থে হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। আমরা অবিলম্বে এই হামলার মাস্টারমাইন্ডসহ সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
