ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৬
logo
প্রকাশিত : মে ২০, ২০২৬

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দুর্নীতি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগমের বিরুদ্ধে কাঙ্খিত অর্থ না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখা, অর্থের বিনিময়ে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, ছাত্র হাজিরা খাতায় ভর্তিকৃত শিক্ষার্থীর চেয়ে কয়েকগুন বেশি নাম তালিকাভুক্তি, বোর্ড বই বিক্রি ও বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ করে অর্থ আত্মসাতসহ সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বোয়ালী উচ্চ বিদ্যালয়ের অধীনে ৯৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তারমধ্যে গঠনিকা বিদ্যানিকেতন ও নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনসহ বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে মোটা অংকের অর্থের বিনিময়ে ফরম পূরণ করেন প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম। বিভিন্ন বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করলেও তিনি নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি হাবীবা, সৃজন রক্ষিত ও শাহাদাত হোসেনের ফরম পূরণ করেননি। এছাড়াও কাঙ্খিত অর্থ না পাওয়ায় মানবিক বিভাগের শিহাব (রোল ৩১১২৭৪, রেজিঃ ২৩১০৮১২৬০০) ও মোঃ রিফাত (রোল ৩১১২৭৫, রেজিঃ ২৩১০৮১২৫৯৬), ব্যবসায় শিক্ষা বিভাগের বিপুল রায় (রোল ৩১১২৮১, রেজিঃ ২৩১০৮১২৭৭৫), শোভন এগ্নেসিয়াস ক্রুশ (রোল ৫১৪০২১, রেজিঃ ২৩১০৮১২৭০৪) এবং নিরব হোসেন (রোল ৫১৪০২২, রেজিঃ ২৩১০৮০২৪৬৮) এর প্রবেশপত্র আটকে দেন। প্রবেশপত্র না পাওয়ায় তারা চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

তিনি প্রায় ১২ বছর যাবৎ বিভিন্ন শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রের চেয়ে হাজিরা খাতায় দুই তিন গুণ বেশি ছাত্র দেখিয়ে উপজেলা শিক্ষা অফিস থেকে বোর্ড বই সংগ্রহ করে পার্শ্ববর্তী গঠনিকা বিদ্যানিকেতন, নুতন কুড়িঁ কিন্ডার গার্টেন-১ (দূর্বাটি) ও নতুন কুড়িঁ কিন্ডার গার্টেন-২ (ভাদার্ত্তী) সহ বিভিন্ন অননুমোদিত বেসরকারী বিদ্যালয়ে বইগুলো উচ্চমূল্যে বিক্রি করছেন। গত ১৭ মে নাগরী ইউনিয়নের গঠনিকা বিদ্যানিকেত থেকে বিভিন্ন শ্রেণির দুই বস্তা বোর্ড বই উদ্ধার করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম। এছাড়াও দোকান নির্মাণ করার জন্য বিদ্যালয়ের জমি ভাড়া দিয়ে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেছেন তিনি। কোন সহকারী শিক্ষক প্রধান শিক্ষিকার এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে তাদেরকে শোকজসহ নানা ভাবে হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নের স্বার্থে স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগমের অপসারণ দাবি করেছেন।

এসএসসি পরীক্ষার্থী মোঃ রিফাতের মা হোসনেয়ারা জানান, আমার ছেলের প্রবেশপত্র আসার পরও প্রধান শিক্ষিকার চাহিদামতো টাকা দিতে না পারায় প্রবেশপত্র দেয়নি। এবার পরীক্ষা দিতে না পারায় আমার ছেলের শিক্ষা জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেছে। এছাড়াও অন্য চারজন শিক্ষার্থীর অভিভাবকগণ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রায় একই অভিযোগ করেন।

গঠনিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র বণিক জানান, আবেদনের পরও আমাদের বিদ্যালয়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি না পাওয়ায় আমরা অর্থের বিনিময়ে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে ১০ বছর যাবৎ বোর্ড বই সংগ্রহ, রেজিষ্ট্রেশন ও ফরম পূরণ করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছি।

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কম। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বেশি দেখাতে কিন্ডারগার্টেন স্কুল ও এলাকাবাসীর অনুরোধে বহিরাগত ছাত্রদের বোর্ড বই সরবরাহ, রেজিষ্ট্রেশন ও ফরম পূরণ করে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেই। টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ পাঁচজন শিক্ষার্থীর ভুলবশত ফরম পূরণ হয় বিধায় আমি তাদের প্রবেশপত্র দেইনি। বিদ্যালয়ের জমিতে দোকান নির্মাণ ও আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত কমিটির সদস্যদের সাথে আলোচনা করেই যাবতীয় কাজ করা হয়েছে। আমি কোন অনিয়ম ও দুর্নীতি করিনি।

বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram