

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: ৫২ দিন ধরে বন্ধ রয়েছে মৌলভীবাজারের শমসেরনগরে অবস্থিত ডানকান ক্যামেলিয়া ফাউন্ডেশন হাসপাতাল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ফাঁড়ি বাগানসহ ৩৫টি চা বাগানের লক্ষাধিক চা জনগোষ্ঠী। উন্নত চিকিৎসা সেবা সমৃদ্ধ ৫০ শয্যার হাসপাতালটি খুলে দেয়ার দাবিতে প্রতিদিনই ডানকান ব্রাদার্সের চা বাগানগুলোর শ্রমিকরা করছেন মানববন্ধন।
গত ২৬ মার্চ শমসেরনগর চা বাগানের বাসিন্দা ঐশি রবিদাশ (১৩) ডানকান ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে উত্তেজিত হয়ে হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তার স্বজনরা। এসময় তাদেরকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে প্রশাসন। পরদিন থেকে নিরাপত্তার অভাবে চিকিৎসা কর্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার সকাল ১০টায় জেলার রাজনগর উপজেলার উদনা চা বাগানে মানববন্ধন করেন শ্রমিকরা। স্থানীয় ইউপি সদস্য রামভজন গোয়ালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, শ্রমিক নেতা সীতারাম বিন, মালিয়া বাউরী, আমির আলী, রেখা বাকতি, সবিতা বোনার্জীসহ শ্রমিক নেতারা।
এসময় নিম্ন আয়ের চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল চালু করার দাবি জানান বক্তারা।

