

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মেসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, চৌগাছা আমাদের সবার, এ হাসপাতালও আমাদের। আমরা দল-মত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে চৌগাছা হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে পরিণত করতে চাই।
আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে চৌগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এখানে রাজনীতির কোনো স্থান নেই। দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে আমরা কাজ করে যাচ্ছি।
এ সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। প্রথমত, স্থানীয়দের অর্থায়নে ৫০ জন স্টাফ নিয়োগ ও হাসপাতালের ১০০ শয্যা সম্প্রসারিত ভবন উদ্বোধন, চিকিৎসকসহ জনবল সংকট দূরীকরণ, ৫০ জন অতিরিক্ত নতুন স্বাস্থ্য কর্মী, পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করে স্বাস্থ্য সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়।
ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে মোট ৫০ জন নতুন স্টাফ নিয়োগের মধ্যে সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ নিজে ব্যক্তিগত তহবিল থেকে ২০ জন স্টাফের সম্পূর্ণ দায়িত্ব (বেতন-ভাতা) নেওয়ার ঘোষণা দেন।
এছাড়া বাকি ৩০ জন স্টাফের মধ্যে স্থানীয় বিভিন্ন জন প্রতিনিধি ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্যে চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ ১ জন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ১ জন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ১ জন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল ১ জন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ১ জন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী ১ জন স্টাফের দায়িত্ব নেন। বাকি আরও ২০ জন স্টাফদের দায়িত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও বৃত্তবানদের অর্থায়নে সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভায় আরও উপস্থিত ছিলেম যশোর জেলা সিভিল সার্জন মাসুদ রানা, উপজেলা স্বাস্থা কর্মকর্তা ডাঃ আহ সানুল মিজান রুমী, থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ গোলাম মোর্শেদ, উপজেলা বিএপির সহ-সভাপতি মোঃ ইউনুস আলী দফাদার, চেয়ারম্যান আতাউর রহমান লাল, ডাঃ ইমদাদুল হক, ডাঃ সাবিহা, অধ্যক্ষ আবু জাফর, সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলীসহ কমিটির সদস্য, সাংবাদিক হাসান মাহামুদ, খালেদুর রহমান, ফারুক আহম্মেদ প্রমুখ।
সভা শেষেহাসপাতালের নতুন ডেন্টাল ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এমপি।
