

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের মোশাররফ আলী মিয়াজী বাজারের পূর্বকূল এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে রাতভর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে একটি এক্সক্যাভেটর ও একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাঁশখালী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারচরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ রয়েছে হামিদ বাহার চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এর আগেও একই অভিযোগে তাকে হাতেনাতে আটক করে চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। এরপরও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি পুনরায় বিভিন্ন স্থানে মাটি কেটে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে হামিদ বাহার চৌধুরীর ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ও একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক্সক্যাভেটরের মাধ্যমে মাটি কেটে ড্যাম্পার ট্রাকে করে বাহারচরার বিভিন্ন এলাকায় তা বিক্রি করা হচ্ছিল।
অভিযানকালে আটক ড্যাম্পার চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ওই রাতে ইতোমধ্যে প্রায় ৩০ গাড়ি মাটি কেটে প্রায় এক কিলোমিটার দূরের একটি স্থানে বিক্রি করা হয়েছে। তবে অভিযুক্ত হামিদ বাহার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসন জানিয়েছে, জব্দকৃত এক্সক্যাভেটর ও মিনি ড্যাম্পার ট্রাক বাঁশখালী থানার অফিসার ইনচার্জের জিম্মায় রাখা হয়েছে। অবৈধ মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

