

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর শিক্ষার্থীদের জন্য শিবচর টু পাচ্চর ও শিবচর টু শেখপুর রুট ব্যবহারকারী ছাত্র-ছাত্রীদের জন্য বাস ভাড়া বিনামূল্যে করার ব্যবস্থা করেছেন।
জানা গেছে, উপজেলার শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রায় আড়াইশ থেকে তিনশত অসহায় শিক্ষার্থী নিয়মিত কলেজে যাতায়াত করে। তারা আর্থিক সংকটের কারণে নিয়মিত কলেজে উপস্থিত হতে পারে না, ফলে উপস্থিতির হারও কমে যায়।
এ সমস্যা সমাধানে হিমেল মাতুব্বর শেখপুর-ঢাকা ভায়া শিবচর রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের বাস মালিকদের সঙ্গে আলোচনা করেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, এতে করে এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা সহজ হবে এবং পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেছেন, এমন মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে হিমেল মাতুব্বর বলেন, বরহামগঞ্জ কলেজে অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করেন। তারা দূরদূরান্ত থেকে এখানে আসে। এতে তাদের অনেক টাকা খরচ হয়। এরা অনেক সময় টাকার জন্য কলেজ নিয়মিত আসতে পারে না। আগামী রবিবার থেকে যারা কলেজে পাঁচ্চর ও শিবচর এলাকায় থেকে আসে তারা বিনা ভাড়ায় কলেজে আসতে পারবে। আমরা বাস মালিকদের সাথে কথা বলে এই ব্যবস্থা করেছি।

