

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: 'অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান' এ প্রতিপাদ্যে বরিশালে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের কমপ্লেক্স ভবনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অবহেলা না করে পরম যত্নে গড়ে তুললে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। অনেক চাহিদাসম্পন্ন শিশু এখন নিজের দৈনন্দিন কাজ নিজে করার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে অসাধারণ মেধার পরিচয় দিচ্ছে। তাই প্রতিবন্ধকতাকে সীমাবদ্ধতা না ভেবে সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের লালন-পালন অত্যন্ত ধৈর্য, দায়িত্ববোধ ও পারিবারিক সহযোগিতার বিষয়। তাদের দেখাশোনায় পরিবারের সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। তবে এসব শিশু সমাজ বা পরিবারের জন্য কোনো বোঝা নয়, বরং মূল্যবান সম্পদ। যথাযথ পরিচর্যা, ভালোবাসা ও সহানুভূতি পেলে তারা সমাজে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী বিশেষ অতিথির বক্তব্য দেন।
এসময় বরিশাল নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সহকারী পরিচালক মো. লিটন, ফিজিও কনসালটেন্ট সাইফুল ইসলাম সালোকী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুম মুনির টিটুসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি ৪জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ তুলে দেন।

