

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৬ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, শামীম হোসেন, শিপলু সরকার, শাহিনুর, ইউসুফ, গোলাম রাব্বী, সুরুজ্জামান, সানোয়ার, রিদয় রায়, ফারুক হোসেন, কাউসার, রেজাউল করিম, লুৎফর রহমান, সামিয়া, শাহরুখ, শহীদুল ইসলাম। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার টান কালিয়াকৈরে হঠাৎ একটি কুকুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ঘুরে পথচারীকে আক্রমণ করে। এতে নারী, পুরুষ ও শিশুসহ ২৬ জন আহত হন। পরে স্থানীয়রা কুকুরটিকে তাড়া দিলে সেটি পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা আহতদের দ্রুত জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ নাফিজুর রহমান জানান, কুকুরের কামড়ে পর্যায়ক্রমে সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ. এইচ. এম. ফখরুল হোসাইন জানান, বিষয়টি আমি শুনেছি। ইতোমধ্যে পৌরসভার লোকজনকে বলা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে।
