

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকার বন্ধ ছাটগাঁওয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। আজ মঙ্গলবার (১২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এ তথ্য জানায়।
র্যাব জানায়, সোমবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের বন্ধ ছাটগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
এ সময় মো. হুমায়ুন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বারহাদ্দা গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল আজিজের ছেলে।
র্যাবের দাবি, হুমায়ুন সরদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত ফেনসিডিল এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
