

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) বাস চাপায় নিহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান খান ফারুক বিকেলে মোটরসাইকেলযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন। মৌচাক এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত মনিরুজ্জামান খান ফারুক উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে বাসচালক ও বাসটিকে আটক করা যায়নি। মনিরুজ্জামান খান ফারুকের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

