

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পরকীয়া সম্পর্ক ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইক্রামুল কবির (২৫) নামে এক যুবককে হত্যার পর মরদেহ গোপনে মাটিচাপা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে আটক চারজনকে আদালতের মাধ্যমে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আলফুরাদ, তার স্ত্রী মিসেস মুন্নি আক্তার ওরফে মুন্নি (৩৬), কাকলী আক্তার ওরফে কাকলী (৩৪) এবং ফজলু ওরফে ফজু মোড়ল (৬০)। পুলিশ জানিয়েছে, তারা সবাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইক্রামুল কবির দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোয়ালঘরের মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পরকীয়া সম্পর্কের জটিলতা এবং আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ইক্রামুলকে হত্যা করা হয়। হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, তাকে শ্বাসরোধ অথবা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

