

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় সরকারি খাস জমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৯ই মে সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অন্তত ২০ থেকে ২৫টি বড়, ছোট ও মাঝারি আকারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সোনাদিয়া দ্বীপের বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি দখল করে পরিবেশ বিধি উপেক্ষা করে অবৈধভাবে কটেজ, রিসোর্ট ও পর্যটন সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এতে একদিকে যেমন উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছিল, অন্যদিকে সরকারি জমি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। তার নেতৃত্বে অভিযান পরিচালনার সময় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয় এবং দখলকৃত সরকারি খাস জমি পুনরুদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এটি চলমান অভিযানের প্রথম ধাপ। পর্যায়ক্রমে সোনাদিয়া ও আশপাশের এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় নতুন করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সেজন্য নজরদারি জোরদার করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, মহেশখালী থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের প্রতিনিধিরা অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সরকারি খাস জমি পুনরুদ্ধার এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন সরকারি জমি দখল কিংবা পরিবেশ বিধ্বংসী কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
