

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে নবনির্মিত ব্রিজের সংযোগ সড়কের দুটি স্থান ধসে গিয়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। উপজেলা সদর হতে পাত্রখাতা মিনাবাজারগামী সড়কের আকালুরঘাট ব্রিজের সংযোগ সড়ক ধসে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল করছেন প্রায় ৫০হাজার মানুষ। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন।
জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মিনাবাজারের সাথে জোড়গাছ বাজার ও উপজেলা সদরের যোগাযোগ বৃদ্ধির জন্য তিস্তার খালের উপর আকালুরঘাট এলাকায় নতুন একটি ব্রীজ নির্মাণ করেন এলজিইডি। ২০২১-২০২২ অর্থ বছরে ৪ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি বিভাগের তত্বাবধানে যৌথভাবে কাজটি করেন মের্সাস লুফা-জেডএইচডি (জেভি)সহ দুটি প্রতিষ্ঠান। ৬৪ মিটার ব্রিজের সাথে ধরা হয় এপ্রোচ (সংযোগ সড়ক) এইচবিবি। সংযোগ সড়ক নির্মাণের পর কয়েক দফায় ধস দেখা দিলে তা দায়সাড়াভাবে মেরামত করা হয়। সম্প্রতি ঘন বৃষ্টিতে রাস্তাটি ধসে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা বলেন, এই স্থানে গাইড ওয়াল এবং পানি নামার জন্য ড্রেন করা হলে সড়কে ধস দেখা দিতো না এবং জনদুর্ভোগ সৃষ্টি হতো না। ত্রিমুখী এই সড়কের দুটি স্থানে ধসের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন চালচল করলেও অটো ও রিক্সা চালাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
স্থানীয় আশরাফুল, রবিউল, বাবুসহ অনেকে বলেন, এই সড়ক দিয়ে পাত্রখাতা, মিনাবাজার, মন্ডলেরহাট, কাশিমবাজারসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০হাজার মানুষ উপজেলা সদরসহ জোড়গাছ ও থানাহাট বাজারে চলাচল করে। তারা আরো জানান, সড়ক ধসে যাওয়ায় গর্ত সৃষ্টি হয়ে মৃত্যুকূপে পরিণত হওয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে, আমরা দ্রুত এর সমাধান চাই।
অটো চালক রহিম জানান, জীবিকার তাগিতে এই সড়কে আমাদের অটো চালাতে হয় কিন্তু দীর্ঘদিন থেকে জীবনের ঝুঁকি নিয়েই অটো চালাচ্ছি, এছাড়াও ভাঙ্গনের স্থানে এলে যাত্রীদের নামিয়ে দিয়ে অটো তুলতে হয়।
এ বিষয়ে চিলমারী উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী বলেন, টানা বৃষ্টির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, দ্রুত এর সমাধান করা হবে।

