

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখায় ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলনের সময় নাইমুল হক নামে এক যুবককে আটক করা হয়েছে। সে বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায়। ব্যাংক কর্তৃপক্ষ জানান, আটককৃত নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লক্ষ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই করার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
প্রতারণায় ধরা পড়ে যাওয়ায় অভিযুক্ত নাইমুল দৌড়ে ব্যাংক থেকে পালানোর চেষ্টা করেন। এসময় উপস্থিত সাধারণ জনতা তাকে ধাওয়া করে ধরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ব্যাবস্থাপক মো. আবু জাফর জানান, প্রতারক যুবক তাদের শাখায় দেড় লক্ষ টাকার একটি ভাউচার জমা দেন। এসময় কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই করার সময় তা জাল বলে নিশ্চিত হন। তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রতারক পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে। এরপর তাকে পাইকগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পাইকগাছা থানার অফিসার উনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে নাইমুল নামে এক যুবককে আটক ও এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
