

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং একজনকে ১২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ফুলদী গ্রামের আবুল কাশেমের পুত্র রোমান শেখ (২৮) ও আম্বর আলী শেখের পুত্র মোঃ রোমান শেখ (২৭) মাদকাসক্ত হয়ে এলাকার শান্তি বিনষ্ট করার খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এক মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
অপরদিকে বুধবার রাতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার তুমলিয়া গ্রামের অভিযান চালিয়ে লুকাশ গমেজের পুত্র পিন্টু গমেজ (৫৫) কে ১২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের (নং ৯৩/২৬, ৯৪/২৬ ও ১০) করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে প্রশাসন। যারা মাদক বিক্রি ও সেবন করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

