

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। বরাবরই চোর চক্র অধরা থেকে যাচ্ছে। মোটরসাইকেল চুরি রোধে এবং চোর চক্র ধরতে ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের তেমন কোন সফলতার খবর পাওয়া যায় না। তবে চুরির খবর নিত্ত নৈমিত্তিক হয়ে দাড়িয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে একাধিক ক্ষতিগ্রস্থ ব্যক্তি জানান, নড়াইল জেলা শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গা হতে অনেক মোটরসাইকেল চুরি হয়েছে, যার ভিডিও ফুটেজ রয়েছে। কিন্তু চোর চক্র সনাক্ত ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের মত সফল অভিযানের তেমন কোন সুসংবাদ নেই। এতে করে জেলার মোটরসাইকেল চালকরা রীতিমত আতংকিত। এতে করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চোরচক্র একের পর এক চুরি সংঘটিত করে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থদের অধিকাংশই হয়রানি ও পুলিশী ঝামেলা এড়াতে পুলিশের কাছে কোন জিডি করা বা অভিযোগ দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল চুরি আশংকাজনক হারে বেড়েই চলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ মে নড়াইল পৌরসভার মহিষখোলার জেলখানা এলাকার জলিল মোল্যার ছেলে বাদশা মোল্যার একটি ইয়ামাহা ১৫০ সিসি সবুজ রংয়ের মোটরসাইকেল নিজ এলাকা থেকে খোয়া যায়। যার নিবন্ধন নং নড়াইল ল-১১-৭৭১৯। মোটরসাইকেলটি যখন চোর নিয়ে যায়, সেই ভিডিও ফুটেজ রয়েছে। ক্ষতিগ্রস্থ বাদশা মোল্যা এ ঘটনায় নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সম্প্রতি সড়াইল শহরের রূপগঞ্জ, দুর্গাপুর, আলাদাতপুর, ভওয়াখালি, ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন এলাকা হতে রেকর্ড পরিমাণ মোটরসাইকেল চুরি গেছে। চোরচক্রের কোন সন্ধান করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষতিগ্রস্থ মোটারসাইকেল চালকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
