

গোবিন্দ মজুমদার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার রুয়েরকুল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত ও দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে 'অমর্ত্য পাঠশালা'। সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং দুপুরের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে পাঠশালাটি বর্তমানে এলাকায় এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
২০২৩ সাল থেকে স্থানীয় ভগিরথ মণ্ডলের বাড়িতে এই পাঠশালার কার্যক্রম শুরু হয়। এখানে সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশুদের পাঠদান করা হয়।
পাঠশালাটি মূলত অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষানুরাগী ফজলুল বারীর উদ্যোগে 'অমর্ত্য ফাউন্ডেশন'-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু ফাউন্ডেশন নয়, স্থানীয় গ্রামবাসীরাও এই মহতী কাজে এগিয়ে আসছেন। অনেকে শিশুদের খাবারের জন্য মাছ, সবজি বা আর্থিক সহায়তা প্রদান করেন। অনেকে আবার প্রিয়জনদের স্মরণে এখানে শিশুদের খাবারের ব্যবস্থা করেন।
পাঠশালার শিক্ষিকা শুক্লা মণ্ডল জানান, “একাডেমিক শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়। শিশুদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঠশালার কোনো বিকল্প নেই। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
উপকারভোগী অভিভাবক পিপাসা রানী ও সুচিত্রা মণ্ডল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের মতো দরিদ্র পরিবারের পক্ষে সন্তানদের বই-খাতা বা স্কুল ড্রেস কেনা কষ্টকর। অমর্ত্য পাঠশালা আমাদের সেই চিন্তা দূর করেছে। এই প্রতিষ্ঠানটি টিকে থাকার জন্য বিত্তবানদের আরও এগিয়ে আসা প্রয়োজন।”
শিক্ষানুরাগী মাধব ব্রহ্ম জানান, দেশ-বিদেশের মানুষের মানবিকতা ও সহযোগিতায় এই পাঠশালাটি চলছে। অবহেলিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার এই প্রচেষ্টা আগামীতে আরও বড় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

