

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মধ্যপাড়া থেকে ওই নারীকে আটক করা হয়। আটক রুচিয়া বেগম কালিয়া উপজেলার নড়াগাতীর থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালায়। অভিযানে রুচিয়া বেগমের ঘরে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। রুচিয়া বেগমকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী, তার আরেক সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) কে আটক করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক ওই নারীরসহ আরও এক পলাতক আসামির বিরূদ্ধে মাদকদ্রব্য আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

