

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: বসতবাড়িতে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার রেখে স্বামীর বাড়ি থেকে মায়ের আহ্বানে এক রাতের জন্য বাবার বাড়িতে যান প্রবাসীর স্ত্রী। এই সুযোগে বসতঘরের তালা ভেঙ্গে চোর চক্র প্রবেশ করে ঘরে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ ৫ লক্ষাধিক টাকার স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে রবিবার (৩ মে) রাতে ওই গ্রামের বাহরাইন প্রবাসী রাসেলের ঘরে এ ঘটনা ঘটে। ওই এলাকায় একেরপর এক চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবী স্থানীয়দের।
প্রবাসীর স্ত্রী নাজমা বেগম বলেন, রবিবার স্থানীয় আমিরা বাজার ব্র্যাক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আমার বাড়িতে রেখেছি। মায়ের আহ্বানে বাবার বাড়ি পার্শ্ববর্তী উত্তর বিষুরবন্দ গ্রামে গিয়েছি রবিবার বিকেলে। সোমবার সকালে স্বামীর বাড়িতে এসে দেখি দর্জার তালা নেই, বসতঘরে সকল আসবাবপত্র তছনছ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। খোঁজ নিয়ে দেখি আমার ঘরে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণলঙ্কার কিছুই নেই। এর আগেও আমাদের বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন মুন্সি ও গোলাম কিবরিয়াসহ আরো কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এলাকায় বেশ কয়েকবার ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। কিন্তু ডাকাত ও চোর চক্রকে আইনের আওতায় আনতে আমরা এখনো দেখিনি। মানুষের মূল্যবান জিনিসপত্র খোয়া যাচ্ছে, কিন্তু বিচার পাচ্ছেনা। একেরপর এক ডাকাতি ও চুরির ঘটনায় আমরা আতঙ্কিত।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

